জুলাই সনদ স্বাক্ষরের দিনে আন্দোলনে অংশ নেওয়া ‘জুলাই যোদ্ধাদের’ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তার কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
নাহিদ ইসলাম বলেন, “বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন সাহেব গতকাল আহত জুলাই যোদ্ধাদের ফ্যাসিস্ট আওয়ামী লীগের অনুসারী হিসেবে আখ্যা দিয়েছেন, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও বেদনাদায়ক। আমরা এ বক্তব্যের তীব্র নিন্দা জানাই।” তিনি বলেন, “যেহেতু তিনি দীর্ঘদিন দেশে ছিলেন না এবং জুলাই অভ্যুত্থানের সময় রাজপথে ছিলেন না, হয়তো প্রকৃত তথ্য না জানার কারণে এ মন্তব্য করেছেন।”
তিনি আরও বলেন, “আতিকুল গাজী, যার হাত কেটে গেছে, কিংবা শহীদ মীর মুগ্ধের বাবা—তারা সবাই জুলাই অভ্যুত্থানে রাজপথে ছিলেন। তাদের ফ্যাসিস্ট দোসর বলা শুধু ভুল নয়, এটি শহীদ পরিবারের প্রতি অপমান।”
নাহিদ ইসলাম আহ্বান জানান, সালাহউদ্দিন আহমেদ যেন অবিলম্বে তার বক্তব্য প্রত্যাহার করেন এবং আহত যোদ্ধা ও শহীদ পরিবারগুলোর কাছে প্রকাশ্যে ক্ষমা চান। তিনি বলেন, “সালাহউদ্দিন সাহেবের উচিত হবে তাদের সঙ্গে বসে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস শোনা ও তাদের ত্যাগের কাহিনি জানা।”
এনসিপি আহ্বায়ক আরও বলেন, “যে আন্দোলনের মাধ্যমে দেশের মানুষ স্বাধীনতার নতুন চেতনা পেয়েছে, সেই আন্দোলনের যোদ্ধাদের প্রতি অসম্মান কখনোই মেনে নেওয়া যায় না।”