জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ কয়েকটি রাজনৈতিক দলের জুলাই সনদে স্বাক্ষর না করার বিষয়টি আগামী জাতীয় নির্বাচনে কোনো উল্লেখযোগ্য প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শনিবার (১৮ অক্টোবর) সকালে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এই মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন,
“জুলাই যোদ্ধা নামে পরিচয় দেওয়া আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী গতকাল সংসদ ভবন এলাকায় যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, তা আসল জুলাই যোদ্ধাদের চরিত্র নয়। প্রকৃত জুলাই যোদ্ধারা কখনোই এমন কর্মকাণ্ডে জড়িত থাকতে পারে না।”
তিনি আরও বলেন,
“এনসিপি ও আরও কয়েকটি রাজনৈতিক দলের জুলাই সনদে স্বাক্ষর না করার বিষয়টি নির্বাচনের ফলাফলে কোনো বড় ধরনের প্রভাব ফেলবে না। সনদে স্বাক্ষরের সুযোগ এখনো খোলা রয়েছে। আশা করছি, এনসিপিসহ অন্যান্য দলও সময়মতো স্বাক্ষর করবে।”
সালাহউদ্দিন আহমদ সবাইকে ধৈর্য, সহনশীলতা ও গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন,
“নির্বাচন সামনে রেখে সবাইকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে এবং রাজনৈতিক সহনশীলতা বজায় রাখতে হবে।”