বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,
“পিআর আমি নিজেই বুঝি না। দেশটাকে রক্ষা করুন, বিভাজন সৃষ্টি করবেন না। গণভোট আর পিআর ছাড়া নির্বাচন হবে না—এসব দাবি-দাওয়া ও মিছিল করে তারা নির্বাচনী প্রক্রিয়া ভণ্ডুল করতে চায়।”
বুধবার (১৫ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের গোপালপুর স্কুল মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন,
“পিআর নিয়ে বিতর্ক হবে সংসদে। যে বিষয়ে সব দল একমত, সেগুলো জুলাই সনদে অন্তর্ভুক্ত হবে। আর যেসব বিষয়ে মতভেদ আছে, সেগুলো নিয়ে গণভোট হবে। দয়া করে নির্বাচন সম্পন্ন হতে দিন, দেশকে অস্থিরতার দিকে ঠেলে দেবেন না। আমরা হিংসার রাজনীতি চাই না, ধর্ম-বর্ণের বিভেদ চাই না—আমরা চাই সবাই মিলেমিশে শান্তিতে বসবাস করুক।”
তিনি আরও বলেন,
“আসন্ন নির্বাচনে এমন একটি ব্যবস্থা থাকবে, যেখানে প্রতিটি নাগরিকের ভোটাধিকার সুরক্ষিত থাকবে। বিএনপি এমন এক গণতন্ত্রে বিশ্বাস করে, যেখানে প্রত্যেক ধর্মের মানুষ সমান নিরাপত্তা ও মর্যাদা পাবে। আমরা প্রতিহিংসা নয়, শান্তি ও ঐক্য চাই।”
বিএনপি মহাসচিবের ভাষায়,
“দেশে বিভাজন আর সংঘাত সৃষ্টি করে কোনো লাভ নেই। ভাগাভাগির রাজনীতি শুধু ক্ষতির পথ দেখিয়েছে। আমরা চাই সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাক, জনগণ যাকে ভোট দেবে, তারাই সরকার গঠন করুক—এটাই গণতন্ত্রের সৌন্দর্য।”
এসময় তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে ১ কোটি মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, যাতে দেশের বেকারত্বের সমস্যা দূর হয় এবং তরুণরা নতুন আশার দিগন্ত দেখতে পারে।”