আগামীদিনে বিএনপি ক্ষমতায় গেলে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করে বেকার শব্দের বিলুপ্তি ঘটানো হবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।
পঞ্চগড়ের বোদায় মঙ্গলবার (১৪ অক্টোবর) উপজেলার সাকোয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১দফা কর্মসূচির বাস্তবায়ন ও ভোট কেন্দ্রের কমিটি গঠন নিয়ে ওয়ার্ড পর্যায়ে উঠান বৈঠকের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপি ইতিমধ্যেই ৩১ দফা ঘোষণার মধ্যদিয়ে নতুন বাংলাদেশ বিনির্মানের পরিকল্পনা জনগণের সামনে এনেছে। যেখানে ক্ষুধা, দারিদ্রতা, আধুনিক কৃষি প্রযুক্তির মাধ্যমে শিল্প বিপ্লব, শিক্ষা- সংস্কৃতি যুগোপযোগী করে গুনগত পরিবর্তন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীর ক্ষমতায়ন সুনিশ্চিত করার স্পষ্ট উল্লেখ আছে।
পঞ্চগড় দুই আসনে সম্ভাবনাময় সব কিছুই কাজে লাগিয়ে শিল্প কারখানা তৈরি এবং বিদেশী ভাষা ও প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে স্বল্প শিক্ষিত যুবকদের রেমিট্যান্স যোদ্ধায় পরিনত করে বেকার মুক্ত পঞ্চগড় গড়ে তুলবো।
সাকোয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাফফর হোসেনের সভাপতিত্বে উঠান বৈঠকে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, শামীম সাজ্জাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় উঠান বৈঠকগুলোতে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন ওয়ার্ডের বিপুলসংখ্যক সাধারণ নারী পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।