রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকদের চলমান আন্দোলনে সংহতি জানিয়ে তাদের মাঝে পানি বিতরণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের তথ্য ও গবেষণা সম্পাদক মাহমুদ ইসলাম কাজল। সোমবার (১৪ অক্টোবর) দুপুরে তিনি আন্দোলনরত শিক্ষকদের পাশে দাঁড়িয়ে তাদের ন্যায্য দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন।
মাহমুদ ইসলাম কাজল বলেন, “শিক্ষক সমাজ জাতির আলোকবর্তিকা। তাদের ন্যায্য দাবি বাস্তবায়ন রাষ্ট্রের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব। শিক্ষকদের মর্যাদা রক্ষা না করলে দেশের শিক্ষা ব্যবস্থা কখনোই উন্নতির পথে যেতে পারবে না।” তিনি আরও বলেন, “যারা জাতিকে গড়ে তোলেন, তাদের জীবনমান অবহেলায় ফেলে রাখা লজ্জার। আমরা শিক্ষকদের দাবির প্রতি পূর্ণ সমর্থন জানাই এবং সরকারের কাছে অবিলম্বে বাস্তবায়নের আহ্বান জানাই।”
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাকিকুল ইসলাম সাগর, আলহাজ উদ্দীন, জারিফ রহমান, মাহমুদুল হাসান হিমু, মেহেদী হাসান, তানভীর হোসেন, রবিন খান এবং টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষার্থী মূসা ও তূর্যসহ আরও অনেকে।
আন্দোলনরত শিক্ষকরা জানিয়েছেন, তাদের প্রধান দাবি—সরকারি শিক্ষকদের সমমানের বেতন স্কেল নির্ধারণ, নিয়মিত ইনক্রিমেন্ট ও ভাতা প্রদান, অবসর সুবিধা বৃদ্ধি, পদোন্নতির সুযোগ এবং শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ।
এর আগে, রোববার (১২ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে, এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে শিক্ষক নেতাদের আহ্বানে আন্দোলনকারীরা শহীদ মিনারে অবস্থান নেন এবং লাগাতার আন্দোলনের ঘোষণা দেন।