জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, আওয়ামী লীগের পতনের পর দেশের রাজনীতি এক ধরনের জটিল অবস্থার মধ্যে পড়েছে। সংবিধান, গণপরিষদ ও নানা প্রস্তাব সামনে এনে একটি কুটিল রাজনৈতিক পরিস্থিতি তৈরি করা হচ্ছে, যেখান থেকে বের হয়ে আসা কঠিন হয়ে পড়ছে।
তিনি বলেন, “একটি ঐক্যমত কমিশন গঠন করা হয়েছে, কিন্তু সেটি জটিলতা সমাধান না করে বরং নতুন জটিলতা সৃষ্টি করছে। এখন কেয়ারটেকার সরকারের প্রভিশন নিয়ে আলোচনা হচ্ছে। প্রশ্ন হলো—বর্তমান সরকার কি নির্বাচনের জন্য প্রস্তুত, নাকি কেয়ারটেকার সরকার ফিরলে ভোট বৈধ থাকবে?”
ব্যারিস্টার শামীম মনে করেন, সংবিধান অনুযায়ী ছয় মাসের মধ্যেই নির্বাচন আয়োজনের বিধান রয়েছে। এর বাইরে কোনো এক্সেপশন করা হয়নি। অথচ সরকার সেই সময়সীমা উপেক্ষা করে দেশের গণতান্ত্রিক কাঠামোকে ঝুঁকির মুখে ফেলেছে।
তিনি আরও বলেন, “আপনি যদি দেশকে সিঙ্গাপুর বা মালয়েশিয়ার মতো উন্নত করতেন, জনগণ হয়তো আপনাকে ২০ বছর ক্ষমতায় রাখত। কিন্তু আপনি দেশটাকে পাকিস্তান, আফগানিস্তানের দিকে ঠেলে দিয়েছেন—যেখানে সুশাসন নেই, মানুষ সুখী নয়। এখন ছয় মাসের মধ্যে নির্বাচনই হতো সবচেয়ে মর্যাদাপূর্ণ ও নিরাপদ প্রস্থান।”
জাতীয় পার্টির এই নেতা সতর্ক করে বলেন, বর্তমানে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে শান্তিপূর্ণ ক্ষমতার হস্তান্তর প্রায় অসম্ভব হয়ে পড়েছে। রাজনীতিবিদদের কেউই এর কোনো সহজ সমাধান দেখছেন না।
তিনি বলেন, “এখন বিএনপির ওপর বড় দায়িত্ব এসেছে। দেশকে এই সংকট থেকে উদ্ধার করতে বিএনপিকেই সামনে আসতে হবে। তারা যদি দায়িত্বশীলভাবে নেতৃত্ব দেয়, তাহলে হয়তো দেশটা বাঁচানো সম্ভব।”