বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসলামপন্থীদের ত্যাগ, কোরবানি, জুলুম-নির্যাতনের ইতিহাস মুছে ফেলে যদি কেউ আবার বাহাত্তরের ধারায় দেশকে ফিরিয়ে নেওয়ার ষড়যন্ত্র করে, তবে রাজপথে তার জবাব দেওয়া হবে। শনিবার সন্ধ্যায় ফুলবাড়ী পৌর শহরের ঢাকা মোড়ের শাপলা চত্বরে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, ফ্যাসিবাদের সেই দুঃশাসনের সময়ে এই দেশের ধর্মপ্রাণ মানুষ, বিশেষ করে ইসলামী সংগঠনের নেতাকর্মীরা সবচেয়ে বেশি নির্যাতন ও অবিচারের শিকার হয়েছেন। তিনি আরও বলেন, অন্যায়ের বিরুদ্ধে চব্বিশ সালের গণঅভ্যুত্থান ও গণবিপ্লবে ইসলামী সংগঠনের কর্মীরা, ইসলামী রাষ্ট্রকামী জনতা প্রাণ দিয়েছেন, রক্ত দিয়েছেন, তবেই এই বিপ্লব সফল হয়েছে।
তিনি নেতাকর্মীদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, প্রতিটি পাড়া ও মহল্লায় ইসলামের বাংলাদেশ গড়ে তুলতে হবে। ধর্ম ও দেশের মুক্তির এই আন্দোলন থামানো যাবে না।
সভায় সভাপতিত্ব করেন আল আমীন বিন আমজাদ। বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি রবিউল ইসলাম, খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নেতা এস এম নাজিব, মুফতি নুরুল্লাহ, মুফতি আবরারুল হক আল মাদানি প্রমুখ।
পথসভা শেষে মামুনুল হক বিরামপুর পাইলট উচ্চবিদ্যালয় মাঠে সমাবেশে অংশ নেন এবং সেখানে বলেন, ইসলাম ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠার সংগ্রামই হবে আগামীর বাংলাদেশের দিকনির্দেশনা।