রংপুরের সাথে যেমন আচরণ করা হবে রংপুরও আগামীতে তাই ফিরিয়ে দিবে বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে সারজিস আলম লেখেন, বিসিবি প্রেসিডেন্ট হিসেবে বুলবুল ভাই দায়িত্ব গ্রহণ করেছেন। আপনাকে অভিনন্দন। দায়িত্ব গ্রহণ করেই আপনি বিভাগীয় পর্যায়ে বিসিবির অফিস স্থাপনের উদ্যোগ নিয়েছেন এই জন্য ধন্যবাদ।
তিনি লেখেন, রংপুর বিভাগ বাদ দিয়ে বাকি সাত বিভাগে বিভাগীয় অফিস স্থাপনের উদ্যোগ আমাদেরকে মর্মাহত করেছে। রংপুর বিভাগে আটটি জেলা রয়েছে। একটি স্বয়ংসম্পূর্ণ বিভাগকে অন্য আরেকটি বিভাগের অধীনে করে দেওয়া এই বিভাগের ক্রিকেটার ও ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য অত্যন্ত দুঃখজনক।
ক্রিকেটে ফ্যাসিলিটিজ এর দিক থেকে সবচেয়ে পিছিয়ে পড়া বিভাগ রংপুর। যাদের একটা ভালো মাঠও নাই। আন্তর্জাতিক মাঠ তো দূরের কথা!
এনসিপির উত্তরাঞ্চলের এই মুখ্য সংগঠক লেখেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ, বিসিবি প্রেসিডেন্ট বুলবুল ভাই সহ পলিসি মেকিং সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান থাকবে- অন্য সাতটি বিভাগের মত রংপুর বিভাগেও অবশ্যই বিসিবি বিভাগীয় অফিস থাকতে হবে।
পাশাপাশি অতি দ্রুত রংপুরে একাধিক ভালো মাঠ এবং অন্তত একটি আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের মতো মাঠ তৈরি করতে হবে।
তিনি সতর্ক করে বলেন, আমরা আপনাদের প্রত্যেকটি পদক্ষেপ অনুসরণ করবো। অতিরিক্ত কিছু আমাদের দিতে হবে না।
কিন্তু যেটুকু রংপুরের প্রাপ্য সেটুকুতে রংপুরবাসীকে বঞ্চিত করা হলে সেটাও তারা মেনে নিবে না। রংপুরের সাথে যেমন আচরণ করা হবে রংপুরও আগামীতে তাই ফিরিয়ে দিবে।