নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, নির্বাচন নিয়ে আগে মানুষের মধ্যে যে সন্দেহ ও অনিশ্চয়তা ছিল, তা এখন কেটে গেছে। দেশের সামনে নির্বাচনের পথ এখন স্পষ্ট হয়ে উঠেছে। তিনি বলেন, নির্বাচন যেন সবার জন্য গ্রহণযোগ্য ও গুণমানসম্পন্ন হয়—সে লক্ষ্যে সংশ্লিষ্ট সবাই কাজ করে যাচ্ছে।
সোমবার (৬ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে নাগরিক যুব ঐক্য আয়োজিত ‘আগামী নির্বাচন গুণমানসম্পন্ন ও সবার জন্য গ্রহণযোগ্য করার চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন মান্না।
তিনি বলেন, “সরকার, সংস্কার কমিশন এবং ঐক্যবদ্ধ কমিশন—তিন পক্ষই এখন আলোচনায় অংশ নিচ্ছে। এতে রাজনৈতিক নেতৃত্বের মধ্যে যে তীব্র দ্বন্দ্ব ছিল, তা কিছুটা প্রশমিত হয়েছে। নেতাদের মধ্যে ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে এবং পারস্পরিক আস্থার ব্যবধানও কমেছে।”
মান্না আরও বলেন, “গণভোটের বিষয়টি আলোচনায় থাকলেও পিআর প্রসঙ্গটি এখন আর মূল ইস্যু নয়। একই দিনে গণভোট ও নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা নেই। এখন ভোটাররা কেবল ‘মার্কা’ নয়, প্রার্থী ও তার কর্মসূচি দেখে ভোট দেবেন।”
তিনি স্বীকার করেন, পুলিশ প্রশাসনের প্রতি জনগণের আস্থা পুনরুদ্ধারে সরকারের তৎপরতা শুরু থেকেই যথেষ্ট ছিল না। তবে এখন সংস্কার প্রক্রিয়া শুরু হয়েছে, যা সঠিকভাবে বাস্তবায়িত হলে ইতিবাচক ফল মিলবে বলে আশা প্রকাশ করেন।
মান্না রাজনৈতিক উত্তেজনা ও সহিংসতা এড়িয়ে সবার অংশগ্রহণে নির্বাচনী পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, “যদি নির্বাচন সুষ্ঠুভাবে না হয়, তাহলে তা জাতীয় নিরাপত্তার জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়াবে।”
আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হক, এবি পার্টির চেয়ারম্যান মুজিবর রহমান মঞ্জু, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।