অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আঁতাত করে নিজেদের সেফ এক্সিটের পরিকল্পনা করছেন বলে মন্তব্য করেছেন সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, এসব উপদেষ্টা গণ-অভ্যুত্থানের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন এবং ব্যক্তিস্বার্থে জড়িয়েছেন দলীয় রাজনীতিতে।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন, “যারা উপদেষ্টা হয়েছেন, তাদের অনেককেই বিশ্বাস করা আমাদের ভুল ছিল। আমাদের উচিত ছিল ছাত্র নেতৃত্বকেই শক্তিশালী করা এবং সরকারে গেলে সম্মিলিতভাবে যাওয়া।” তিনি আরও বলেন, “আমরা নাগরিক সমাজ ও রাজনৈতিক দলগুলোর ওপর যে বিশ্বাস রেখেছিলাম, সেখানে আমরা প্রতারিত হয়েছি।”
নাহিদ ইসলাম অভিযোগ করেন, “অনেক উপদেষ্টা নিজেদের আখের গুছিয়েছেন। কেউ কেউ আবার গণ-অভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। যখন সময় আসবে, আমরা তাদের নামও প্রকাশ করব।”
তিনি আরও বলেন, “বর্তমানে অনেক উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন। তারা মনে করছেন রাজনৈতিক দলগুলোর সাপোর্ট ছাড়া ক্ষমতায় টিকে থাকা সম্ভব নয়। এই কারণেই তারা সেফ এক্সিটের পথ খুঁজছেন।”
ছাত্রনেতাদের উপদেষ্টা হিসেবে অন্তর্ভুক্ত করা ভুল ছিল কিনা—এমন প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, “সরকারে ছাত্রদের উপস্থিতি না থাকলে এই সরকার তিন মাসও টিকতে পারত না। প্রথম ছয় মাসেই একাধিকবার সরকার উৎখাতের চেষ্টাও হয়েছিল, আজও সেই ষড়যন্ত্র চলমান।”