জামায়াতের এমপি প্রার্থী ও সাবেক শিবির সেক্রেটারি আইনজীবী শিশির মনির পূজামণ্ডপে গিয়ে রোজা ও পূজাকে একই মুদ্রার এপিঠ-ওপিঠ হিসেবে মন্তব্য করেছিলেন। এই বক্তব্যকে ইমানহারা অভিহিত করে তীব্র সমালোচনা করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরী।
শুক্রবার (৩ অক্টোবর) রাতে চট্টগ্রামের হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত “শানে রেসালত সম্মেলনে” প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মওদুদী ফিতনা প্রতিহত না করলে দেশে ইসলাম থাকবে না। মওদুদীবাদীরা সাহাবাগণকে সত্যের মাপকাঠি মানে না, ইসলামের পর্দা প্রথাকে অস্বীকার করে। জামায়াত নেতা শিশির মনির পূজা আর রোজাকে এক করার মাধ্যমে ইমান হারিয়েছেন।”
তিনি আরও বলেন, “কুফরি যাতে প্রতিষ্ঠা করতে না পারে, সেজন্য সামনের নির্বাচনে জামায়াতকে ভোট দেওয়া যাবে না।” নবী-রাসুল ও সাহাবায়ে কেরামের পথকে সত্যের মাপকাঠি হিসেবে মেনে চলার আহ্বান জানান হেফাজতের এই শীর্ষ নেতা।
সম্মেলনে জামায়াতের বিরুদ্ধে হেফাজতের অবস্থান স্পষ্ট করে বাবুনগরী বলেন, পূজা ও রোজাকে এক করা ইসলামের সঙ্গে বেইমানি। মুসলমানদের উচিত সঠিক পথে থেকে ইসলামের মূল শিক্ষা আঁকড়ে ধরা।
হাটহাজারী উপজেলা হেফাজতের আয়োজিত এ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হেফাজতের সিনিয়র নায়েবে আমির ও হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক মুফতি খলিল আহমদ কাসেমী, জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের আমির শায়খুল হাদিস উবাইদুল্লাহ ফারুক এবং করাচির জামিয়া মাহমুদিয়ার প্রিন্সিপাল মুফতি নূরুল হক।
এছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শতাধিক আলেম ও মাদ্রাসা শিক্ষকেরা বক্তব্য রাখেন। তারা সবাই জামায়াতের সমালোচনা করে মুসলমানদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
হেফাজতের এই সম্মেলন ঘিরে হাটহাজারী এলাকায় ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। স্থানীয় মুসল্লি ও জনসাধারণের ভিড়ে প্রমাণ হয়—জামায়াতের বিতর্কিত বক্তব্য নিয়ে ইসলামি মহলে কতটা ক্ষোভ তৈরি হয়েছে।