আওয়ামী লীগের কার্যক্রম পুনরায় চালুর প্রসঙ্গে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের দেওয়া বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম। তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশের মানুষ ছাড় দিতে পারে, কিন্তু আওয়ামী লীগকে আবার রাজনীতির ময়দানে ফিরতে দেবে না।
বুধবার পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের সময় মালিগাঁও তেঁতুলতলা দুর্গামন্দিরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সারজিস আলম ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন,
“প্রধান উপদেষ্টা যদি আন্তর্জাতিক মহলের সামনে দেশের মানুষের এত ত্যাগ-তিতিক্ষা, রক্ত আর প্রাণ বিসর্জন ভুলে গিয়ে নিজের ভাবমূর্তি রক্ষায় সুশীল সাজতে চান, আর এই অভ্যুত্থানের মতো একটি ঐতিহাসিক ঘটনা এড়িয়ে আওয়ামী লীগের কার্যক্রম সচল করার পক্ষে অবস্থান নেন, তাহলে স্পষ্ট করে বলছি—বাংলাদেশের মানুষ ছাড় দিতে জানে, কিন্তু ছেড়ে দিতে জানে না।”
এনসিপির এ নেতা আরও দৃপ্ত কণ্ঠে ঘোষণা দেন,
“আমরা স্পষ্ট করে বলি—এই বাংলাদেশে আওয়ামী লীগের আর কোনো রাজনীতি চলবে না।” তিনি যোগ করেন, “বাংলাদেশের মানুষ ওই একটি প্রশ্নে আপসহীন— শেখ হাসিনা খুনি। দেশের দেয়ালে দেয়ালে এই সত্য রক্ত দিয়ে লেখা হয়ে গেছে। যারা আজ অন্তর্বর্তী সরকারের সুবিধাভোগী, তারা হয়তো সুবিধার জায়গা থেকে ভুলে যেতে চাইতে পারেন। কিন্তু যে মা তার ছেলের লাশ নিজের হাতে কাঁধে নিয়েছেন, তিনি কোনোদিন ভুলবেন না। আর তিনি ভুলবেন না মানে আমরা যারা রাস্তায় লড়েছি, তারাও ভুলব না, ভুলতে দেবও না।”
এ সময় জাতীয় নাগরিক পার্টির আটোয়ারী উপজেলার প্রধান সমন্বয়কারী জয়ন উদ্দিন, জাতীয় যুবশক্তির পঞ্চগড় জেলার আহ্বায়ক আবু কায়েস বাবুসহ স্থানীয় এনসিপি নেতারা উপস্থিত ছিলেন।