বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম স্পষ্টভাবে জানিয়েছেন, দলীয় রাজনীতিতে কোনোভাবেই চাঁদাবাজ, টেন্ডারবাজ বা অনৈতিক কাজে জড়িতদের জায়গা নেই। তিনি বলেন, এমন কাজে জড়িতদের বিএনপি ছাড় দেবে না; এমনকি নিজ দলের কর্মী হলেও তাকে পুলিশের হাতে তুলে দিতে হবে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে ফরিদপুরের সালথা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সতর্ক বার্তা দেন। এদিন তিনি বিকেল থেকে রাত ১১টা পর্যন্ত প্রায় ২০টি পূজামণ্ডপ ঘুরে দেখেন।
শামা ওবায়েদ বলেন, বিএনপি কাউকে আলাদা চোখে দেখে না। হিন্দু-মুসলিম সবার অধিকার সমান। শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে ফ্যাসিবাদের দোসররা অস্থিরতা তৈরির চেষ্টা করতে পারে, তাই সবাইকে সজাগ থাকতে হবে। প্রতিটি মন্দিরে বিএনপির নেতাকর্মীরা ২৪ ঘণ্টা পাহারায় থাকবেন, যাতে কোনো অপতৎপরতা চালাতে না পারে।
নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, সালথার উন্নয়নের জন্য চাঁদাবাজি, দালালি, দলখবাজি ও অনৈতিক কর্মকাণ্ড বন্ধ করতে হবে। জনগণের আস্থা অর্জন করাই হবে বিএনপির মূল শক্তি। “আমি বেঁচে থাকতে নির্বাচনী এলাকায় কাউকে অপকর্মে লিপ্ত হতে দেব না,” তিনি যোগ করেন।
হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, শুধু পূজা নয়, যেকোনো প্রয়োজনে তিনি সবসময় পাশে থাকবেন। তার বাবা মরহুম কেএম ওবায়দুর রহমান সারাজীবন সনাতন ধর্মাবলম্বীদের পাশে ছিলেন, সেই আদর্শ নিয়েই তিনি কাজ করে যাচ্ছেন।
পূজামণ্ডপ পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সিনিয়র সহসভাপতি শাহিন মাতুব্বর, সাবেক চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর ও অন্যান্য নেতৃবৃন্দ।