বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেছেন, “দুর্নীতিতে টানা পাঁচ বছর চ্যাম্পিয়ন হওয়া একটি দল এবার ক্ষমতায় যাওয়ার আগেই পাথর-বালু লুটেও চ্যাম্পিয়ন হয়েছে।”
সোমবার রাজধানীর গেন্ডারিয়ায় জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত আয়োজিত ঢাকা-৬ আসনের সর্বস্তরের ওলামা-মাশায়েখ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
রফিকুল ইসলাম বলেন, ৫ আগস্টের পর থেকে ওই দল নিজেদের দেশের মালিক ভাবতে শুরু করেছে। সারা দেশে লুটপাট, চাঁদাবাজি ও সন্ত্রাস চালাচ্ছে তারা। তবে জনগণ সবকিছু দেখছে এবং আগামী নির্বাচনে সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের ভোটের মাধ্যমে বয়কট করবে। তার মতে, সুষ্ঠু ভোট হলে ইসলামের পক্ষে এক নীরব বিপ্লব ঘটবে।
তিনি আরও বলেন, আলেমদের ঐক্যের বার্তায় জাতি খুশি হলেও একটি দল এতে অস্বস্তিতে পড়েছে। কারণ ইসলামি দলগুলোর ঐক্য হলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।
জুলাই সনদের প্রসঙ্গ টেনে রফিকুল ইসলাম বলেন, যারা ক্ষমতায় গিয়েও সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিল, এখন তারাই আপত্তি তুলছে। এর মানে তারা জনগণকে আবারও ধোঁকা দিতে চাইছে। তিনি সতর্ক করে বলেন, জুলাই বিপ্লবকে যারা অস্বীকার করবে, তাদের পরিণতি হবে আওয়ামী লীগের মতোই।
সমাবেশে আরও বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম আব্দুল হালিম, বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের সভাপতি আব্দুল হামিদ, কাটাবন জামে মসজিদের খতিব ড. রফিকুর রহমান মাদানী, খেলাফত মজলিসের নায়েবে আমির আহমদ আলী কাসেমী এবং খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম।