জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, বাংলাদেশকে এমন এক রাষ্ট্রে রূপান্তর করতে হবে, যেখানে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্য হবে মূল ভিত্তি।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। দুর্গাপূজা উপলক্ষে তিনি একাধিক মন্দিরে আর্থিক সহায়তাও প্রদান করেন।
সারজিস আলম বলেন, “আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাইবোনেরা তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা পালন করছেন। তাদের পাশে দাঁড়ানো, শুভেচ্ছা জানানো এবং ন্যায্য অধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব।” তিনি আরও যোগ করেন, বৈষম্য থেকেই সমাজে বিভেদ সৃষ্টি হয়, আর সে দূরত্ব দূর করতেই এনসিপি মানুষের পাশে আছে।
তিনি উল্লেখ করেন, দেশের অনেক জায়গায় এখনো সনাতন ধর্মাবলম্বীদের স্থায়ী মন্দির নেই। ফলে অনেক ক্ষেত্রে অস্থায়ীভাবে পূজা অনুষ্ঠিত হয়। এ বিষয়ে এনসিপি তথ্য সংগ্রহ করছে এবং সীমিত পরিসরে সহায়তা দিচ্ছে। ভবিষ্যতে এ কার্যক্রম আরও বড় পরিসরে পরিচালনা করা হবে।