সজিব রেজা, দিনাজপুর প্রতিনিধি:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, এখন আমরা দেখছি বাড়ি বাড়ি তালিম হয়, ধর্মীয় তালিম। ধর্মের লেবাস পড়ে অনেকে রাজনৈতিক তালিম দিচ্ছেন।
আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) দিনাজপুরে বিরামপুর উপজেলা পাইলট স্কুল মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল বিরামপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এক কর্মিসভায় তিনি মন্তব্য করেন।
কর্মিসভায় জাহিদ বলেন, ‘ধর্ম ধর্মের জায়গায় থাকবে। আমার ঈমান, আমার আকিদা আমার থাকবে—কেউ আমাকে বেহেশত-দোজখ দেওয়ার মালিক না, এটা নির্ধারণ করার মালিক একমাত্র আল্লাহ। কাজেই মানুষের কথাই ভুলবেন না। তারা এ ধরনের কথা বলে মানুষকে সব সময় ভুল বুঝিয়েছে।’
তিনি বলেন, ‘যাদের কথা এবং কাজে মিল আছে তাদের কথা শুনবেন। আপনারা বিএনপিকে দীর্ঘদিন যাবৎ চেনেন। খালেদা জিয়া দেশের মা-বোনদের কল্যাণে চিকিৎসা ও শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। যাদের কোনো বাস্তব অভিজ্ঞতা নেই, কাজও করেনি, তাদের কথায় ভরসা করা যায় না।
তিনি আরো বলেন, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা থেকে শুরু করে ‘খাদ্যের বিনিময়ে শিক্ষা’ কর্মসূচি চালুর মতো যুগান্তকারী পদক্ষেপ খালেদা জিয়া নিয়েছিলেন। নারী উন্নয়নে সর্বাধিক অবদান রেখেছেন খালেদা জিয়াই।
এ সময় জাতীয়তাবাদী মহিলা দল দিনাজপুর জেলা শাখার সভাপতি জিনাত আরা, সহ সভাপতি নাজমা মসির, সাধারণ সম্পাদক শাহীন সুলতানা বিউটি, বিরামপুর উপজেলার বিএনপির সভাপতি মিঞা মো. শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, বিরামপুর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম চৌধুরী উপস্থিত ছিলেন।