ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন আগামীকাল রোববার (২৮ সেপ্টেম্বর)। এদিনকে কেন্দ্র করে দেশজুড়ে মিছিলের ঘোষণা দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ।
দলটির শীর্ষ নেতাদের মুক্তি ও রাজনৈতিক পুনর্বহালের দাবিতে এসব মিছিল হবে বলে জানা গেছে। আওয়ামী লীগের নেতারা মনে করছেন, শেখ হাসিনার জন্মদিনে এটিই হবে সবচেয়ে বড় উপহার।
দলটির একাধিক সূত্র জানায়, সারাদেশে একযোগে জেলা, উপজেলা, বিভাগীয় শহর এবং রাজধানী ঢাকায় বড় পরিসরে মিছিলের পরিকল্পনা নেওয়া হয়েছে। গাজীপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, কিশোরগঞ্জ, চট্টগ্রাম ও ঢাকার কিছু দায়িত্বশীল নেতা এই কর্মসূচি সমন্বয় করছেন।
রাজধানী ঢাকার প্রবেশমুখের ৭–৮ স্থানে শোডাউনের প্রস্তুতি চলছে। সাম্প্রতিক ছোট ছোট ঝটিকা মিছিলগুলোকে মূল কর্মসূচির রিহার্সেল হিসেবে দেখা হচ্ছে।
তবে আওয়ামী লীগের এই কর্মসূচি ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্সের উপ–কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, পূজা নিরাপত্তার পাশাপাশি নিষিদ্ধ সংগঠনের যেকোনো কর্মসূচি প্রতিহত করতে সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে।
শেখ হাসিনার জন্মদিনে রাজধানীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। তিনি জানান, প্রকাশ্যে এলেই প্রতিদিন গ্রেপ্তার হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা, এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
গত পাঁচ দিনে ঢাকায় অন্তত ২০টি মিছিল করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন। এ সময় কয়েক হাজার কর্মী অংশ নেয়। গত ২৪ সেপ্টেম্বরের অভিযানে ২৪৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার করা হয় ১৪টি ককটেল ও ৭টি ব্যানার।