জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম অভিযোগ করেছেন, আওয়ামী লীগ জনগণের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে এবং সেই টাকা ফেরত পাঠিয়ে মাঝে মাঝে ভাড়া করা টোকাই দিয়ে মিছিল করাচ্ছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন।
তিনি বলেন, আওয়ামী লীগের দাবি করা টোয়েন্টি-থার্টি পার্সেন্ট লোক কখনোই ছিল না। আওয়ামী লীগ সবসময় ভাড়া করা লোক দিয়ে কর্মসূচি সাজিয়েছে। যদি সত্যিই এত সমর্থন থাকত, তাহলে জুলাই-আগস্টে যখন ছাত্র-জনতা রাজপথে নেমেছিল, তখন তারা কোথায় ছিল?
এখন বিদেশ থেকে টাকা এনে টোকাই ভাড়া করে ভোরবেলা দৌড়ানি দিয়ে ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার করছে। তার মতে, বাংলাদেশের মানুষ খুব ভালোভাবেই বুঝতে পারে কোনটা আসল রাজনৈতিক কর্মসূচি আর কোনটা সাজানো।
সারজিস আলম আরও বলেন, জুলাই-আগস্টের অভ্যুত্থানে যারা গণহত্যা চালিয়েছে, তাদের রাজনৈতিক বাস্তবতা এখানেই শেষ হয়ে গেছে। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের অধ্যায় ইতোমধ্যেই ক্লোজড হয়ে গেছে।
এসময় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। শাপলা প্রতীক না দেওয়ার বিষয়ে সারজিস আলম বলেন, কমিশনের কাছে কোনো যৌক্তিক বা আইনগত কারণ নেই। চাপে পড়ে তারা প্রতীক বরাদ্দ দিচ্ছে না। এর ফলে স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে ইসির নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে।
তিনি দাবি করেন, এনসিপি যথাসময়ে নিবন্ধনের আবেদন করেছে। কমিশনের দায়িত্ব ছিল তালিকায় শাপলা প্রতীক যুক্ত করা। এখনো নতুন করে আবেদন করা হয়েছে, এবং কোনো আইনগত বাধা না থাকায় কমিশনকে অবশ্যই শাপলা প্রতীক দিতে হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, ইসি শেষ পর্যন্ত স্বাধীনতা ও পেশাদারিত্বের পরিচয় দেবে।