জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম অভিযোগ করেছেন, আইনগত কোনো বাধা না থাকলেও নানা চাপের কারণে নির্বাচন কমিশন শাপলা প্রতীক দিতে সাহস দেখাচ্ছে না। তিনি এটিকে ইসির স্পষ্ট ব্যর্থতা হিসেবে উল্লেখ করেছেন।
বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারে এনসিপির জেলা ও উপজেলা কমিটির সমন্বয়ক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সারজিস আলম বলেন, কমিশনের উচিত ছিল আইনি প্রক্রিয়া মেনে প্রতীকের বিষয়ে সিদ্ধান্ত দেওয়া। কিন্তু তারা এখনো সাহস পাচ্ছে না। তিনি দাবি করেন, শাপলা প্রতীক নিয়ে ইতোমধ্যেই দল পুনরায় আবেদন করেছে।
তিনি আরও বলেন, ইসি বলছে শাপলা প্রতীক তালিকায় নেই। অথচ আমরা আবেদন করার দিন থেকেই তাদের কাজ শুরু করার কথা ছিল। কিন্তু তারা তা করেনি, যা তাদের গাফিলতি প্রমাণ করে।
নিউইয়র্কে আওয়ামী লীগের হামলার প্রসঙ্গ টেনে সারজিস আলম বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের নেতৃত্ব দানকারীদের নিয়ে সরকার যখন সফরে গেছে, তখন তাদের প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া উচিত ছিল। সরকার তা করেনি, আর এ দায় সরকারকেই নিতে হবে। তিনি জোর দিয়ে বলেন, কেবল দায় স্বীকারের বিবৃতি নয়, কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সারজিস আলম আরও বলেন, এনসিপি সবসময়ই বলেছে শাপলা প্রতীক চাই। তবে প্রয়োজনে সাদা বা লাল শাপলার প্রতীকও গ্রহণ করতে প্রস্তুত।
এনসিপির জেলা প্রধান সমন্বয়কারী ফাহাদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয়ক সভায় আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক এহতেসামুল হক ও যুগ্ম সদস্য সচিব প্রিতম দাশসহ অন্যরা।