জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে থাকা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলে থাকা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা যুবলীগ নেতা মিজানুর রহমান জামিনে মুক্তি পেয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে আদালতের মাধ্যমে তিনি জামিন পান।
এর আগে সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে নিউইয়র্কের জ্যাকসন হাইটস এলাকায় নবান্ন রেস্টুরেন্টের সামনে থেকে মিজানুর রহমানকে আটক করে নিউইয়র্ক পুলিশ। প্রত্যক্ষদর্শীদের সহায়তায় পুলিশ তাকে শনাক্ত করে ঘিরে ফেলে। পরে জিজ্ঞাসাবাদ শেষে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যাওয়া হয়।
ঘটনার সূত্রপাত হয় সোমবার দুপুরে, যখন প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। কিছুটা বিলম্বে টার্মিনাল থেকে বের হওয়ার সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, এনসিপি সদস্যসচিব আখতার হোসেন এবং এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারাকে লক্ষ্য করে আওয়ামী লীগ ও যুবলীগের কর্মীরা বিক্ষোভ শুরু করেন।
এসময় আওয়ামী লীগপন্থী কয়েকজন কর্মী স্লোগান দিতে দিতে আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন। ঘটনাস্থলে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়লে প্রধান উপদেষ্টার প্রেস উইং এবং বিএনপি কর্মীরা নিরাপত্তা বলয় গড়ে তোলেন। পরে নিউইয়র্ক পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হামলার সময় তাসনিম জারাকেও অশালীন ভাষায় গালিগালাজ করা হয়। প্রতিবাদে আখতার হোসেন ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দেন। পুলিশের সহায়তায় পরবর্তীতে তিনি ও তার সঙ্গীরা গাড়িযোগে বিমানবন্দর ত্যাগ করেন।