সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি বলেছেন, জামায়াত ইসলামী আসলে শিকড়হীন রাজনীতি করছে, যাকে তিনি তুলনা করেছেন পরগাছার সঙ্গে। তার মন্তব্য, রাজনীতিতে টিকে থাকতে হলে জনগণের সঙ্গে, আদর্শের সঙ্গে এবং মাটির সঙ্গে শিকড় গেড়ে থাকতে হয়। কিন্তু জামায়াত কি কখনো সেই ভিত্তি তৈরি করতে পেরেছে, নাকি তারা যুগে যুগে অন্য দলের ছায়াতেই টিকে থেকেছে—এ প্রশ্ন তুলেছেন তিনি।
নিজের ইউটিউব চ্যানেলে বক্তব্য রাখতে গিয়ে গোলাম মাওলা রনি বলেন, পরগাছা কখনোই নিজের শক্তিতে দাঁড়াতে পারে না, বরং অন্য গাছ বা ভবনের গায়ে ভর করেই বেঁচে থাকে। তার মতে, জামায়াতের রাজনীতি ঠিক এভাবেই গড়ে উঠেছে—কখনো বিএনপির ছায়ায়, কখনো অন্য কোনো ইসলামী দলের সঙ্গে, আবার কখনো অদৃশ্য শক্তির আশ্রয়ে।
তিনি আরও বলেন, জীবনে কোনো পরগাছা নিজস্ব গাছ হয়ে উঠতে পারে না, মাটির টান পায় না। অনেক বিল্ডিং বা বড় গাছের ওপর পরগাছা জন্ম নিলেও তারা সারাজীবন পরগাছাই থেকে যায়। সেই প্রসঙ্গ টেনে তিনি বলেন, জামায়াত যদি সত্যিকার অর্থে রাজনীতি করতে চায়, তবে ইসলামী কৃষ্টি ও সংস্কৃতির ভিত্তিতে ধাপে ধাপে জনগণের কাছে পৌঁছাতে হবে। কিন্তু জামায়াত উল্টো পথে হাঁটছে—সামনে এক ফ্রন্ট, পেছনে আরেক ফ্রন্ট। তারা রাজনীতিকে এক ধরনের খেলা ভেবেছে, অথচ ইতিহাসে এর উদাহরণ নেই।
গোলাম মাওলা রনি অভিযোগ করেন, জামায়াতের অনেক সিনিয়র নেতার সঙ্গে তার চলাফেরা হয়েছে, কিন্তু তাদের জ্ঞান ও চিন্তার গভীরতা তাকে কখনো মুগ্ধ করতে পারেনি। তিনি দাবি করেন, ধর্ম সম্পর্কে তাদের বোঝাপড়া সীমিত, কুরআন সম্পর্কেও জ্ঞান অগভীর। অনেকেই জনপ্রিয় বক্তা, ভালো ওয়াজ করেন, মানুষ তাদের ভালোবাসে। কিন্তু যখন তাদের গভীরতা যাচাই করা হয় তখন বোঝা যায়, তারা প্রকৃত অর্থে খুব কম জানেন এবং ভয়াবহ রকম অজ্ঞ।