পিঠ বাঁচিয়ে বাংলাদেশে আর রাজনীতি করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তর) সারজিস আলম। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে এনসিপি নেতা আখতার হোসেনের ওপর হামলার প্রতিবাদে ঢাকার বাংলামোটরে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে তিনি এ মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, “আমরা পরোক্ষভাবে কথা বলা পছন্দ করি না। আমরা স্পষ্ট জানতে চাই—ভারত ও আওয়ামী লীগের সঙ্গে নেগোসিয়েশন করে বিএনপি কি ক্ষমতায় আসতে চায়?” তিনি সতর্ক করে দেন, জনগণের রায়ের বিপরীতে এজেন্সির ওপর নির্ভর করে ক্ষমতায় আসার চেষ্টা সফল হবে না। জনগণ সবকিছুর হিসাব নেবে এবং এর জবাব অবশ্যই দিতে হবে।
ভারতীয় গণমাধ্যম এই সময়-এ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সাক্ষাৎকারের সমালোচনা করে তিনি বলেন, “আপনার দিকে পুরো বাংলাদেশ তাকিয়ে ছিল। কিন্তু বিএনপি জনগণের আস্থা হারাতে শুরু করেছে। যারা ভারতের ছত্রছায়ায় বা আওয়ামী লীগের সঙ্গে গোপন সমঝোতায় ক্ষমতায় আসতে চাইবে, তাদের সেই স্বপ্ন পূরণ হবে না।”
সারজিস আরও বলেন, “গণ-অভ্যুত্থান কেবল দেশের ভেতরের স্বৈরাচারের বিরুদ্ধে নয়, ভারতের আধিপত্যের বিরুদ্ধেও লড়াই করেছে। ভারতের আশীর্বাদে আর কোনো দল ক্ষমতায় আসতে পারবে না।”
বিক্ষোভ সমাবেশে এনসিপি নেতারা আখতার হোসেনের ওপর হামলার তীব্র নিন্দা জানান এবং জড়িতদের বিচারের দাবি করেন। তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের সন্ত্রাসী রাজনীতির ধারা এখন প্রবাসেও ছড়িয়ে পড়ছে। রাজনৈতিক কর্মীদের ওপর এ ধরনের হামলা শুধু অনভিপ্রেতই নয়, বরং দেশের অভ্যন্তরের সহিংসতাকে আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে দিচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক।
এনসিপি নেতারা আরও বলেন, প্রবাসে যারা রাজনৈতিক কর্মীদের ওপর আক্রমণ করছে তারা আসলে নিজেদের ব্যর্থতা আড়াল করার চেষ্টা করছে। কিন্তু এ ধরনের আক্রমণে বিরোধী রাজনৈতিক কর্মীরা দমে যাবে না। বরং তারা আরও ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের গণতন্ত্র ও স্বাধীনতার সংগ্রামে যুক্ত হবেন।