নিউইয়র্কে বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলের ওপর আওয়ামী লীগের নেতাকর্মীদের ডিম নিক্ষেপ ও লাঞ্ছনার ঘটনার প্রতিবাদে টিএসসিতে শেখ হাসিনার ছবির ওপর ডিম নিক্ষেপ কর্মসূচি পালন করেছে ‘দ্য রেড জুলাই’। মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সংগঠনটির সদস্যসচিব মো. সজিব হোসেন কর্মসূচিতে বলেন, আওয়ামী লীগ এখন নানা রূপ নিয়েছে—পুলিশ লীগ, আনসার লীগ—এবার তারা ডিম লীগে পরিণত হয়েছে। তিনি কর্মীদের উদ্দেশে বলেন, “যখনই এই আওয়ামী ফ্যাসিস্টদের দেখবেন, আগে হালকা করে ডিম ছুড়ে মারবেন, তারপর প্রশাসনের হাতে তুলে দেবেন।”
তিনি আরও বলেন, “আজ আমরা দেখলাম প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের ডিম ছুড়ে লাঞ্ছিত করা হয়েছে। যদি প্রধান উপদেষ্টার সফরসঙ্গীরাই নিরাপত্তাহীনতায় ভোগেন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কে দেবে? আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।”