জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে যারা গালাগালি করছে, তাদের প্রতি কোনো পাল্টা প্রতিক্রিয়া দেখানোর প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, গালির জবাবে দোয়া করাই হবে জামায়াতের কর্মসূচি।
মঙ্গলবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি নেতাকর্মীদের উদ্দেশে এই বার্তা দেন। সেখানে তিনি লেখেন, জনগণের ভালোবাসা ও সহানুভূতি দেখে জামায়াতকে যারা গালি দেয়, তাদের জবাব দেওয়ার কোনো প্রয়োজন নেই। বরং তাদের জন্যও মহান আল্লাহর দরবারে কল্যাণ কামনা করতে হবে।
ডা. শফিকুর রহমান আরও বলেন, দেশের মানুষ ও সমাজের কল্যাণে কাজ করার বড় দায়িত্ব জামায়াতের ওপর ন্যস্ত। এই দায়িত্বের প্রতি সবার শ্রদ্ধাশীল থাকা উচিত। তিনি নেতাকর্মীদের আহ্বান জানান, নিজেদের কর্মসূচি ও দায়িত্ব পালনের দিকেই মনোযোগী হওয়ার জন্য।
ফেসবুক পোস্টে তিনি স্পষ্ট করেন, চূড়ান্ত ফয়সালা আল্লাহর হাতে, আর আল্লাহর ওপর ভরসা ও ধৈর্যই হতে হবে জামায়াতের প্রধান শক্তি। তিনি প্রার্থনা করে বলেন, প্রিয় বাংলাদেশকে যেন মহান আল্লাহ সব ধরনের বিপদ থেকে রক্ষা করেন।