জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দলীয় প্রতীক হিসেবে শাপলা পাচ্ছে না। নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, আইন মন্ত্রণালয় থেকে প্রতীকের তালিকা ভেটিং হয়ে এসেছে, আর সেই তালিকায় শাপলা প্রতীক নেই। ফলে এনসিপিকে ইসির তালিকা থেকে অন্য কোনো বিকল্প প্রতীক নিতে হবে। মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
এদিকে এর আগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী প্রতীক নিয়ে দলটির অবস্থান স্পষ্ট করেছিলেন। তিনি বলেছিলেন,
“আমাদের প্রতীক শাপলা, সাদা শাপলা বা লাল শাপলা। আমরা যে তিনটি প্রতীকের কথা বলেছি তা থেকে সরছি না।” তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “এনসিপির নিবন্ধন অবশ্যই শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলা প্রতীক দিয়ে হতে হবে। এর ব্যত্যয় ঘটলে আমরা আবারও জনগণের সামনে আসব।”
ইসির এই সিদ্ধান্তের পর রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে যে এনসিপি প্রতীকের ইস্যুতে কতটা চাপ প্রয়োগ করতে পারে এবং শেষ পর্যন্ত কী প্রতীক নিয়ে তারা নির্বাচনে যাবে।