যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সোমবার রাত দেড়টার দিকে জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়। হামলার সময় প্রবাসী আওয়ামী লীগের নিষিদ্ধ ঘরানার কর্মীরা ‘জুলাই সন্ত্রাসী’ স্লোগান দেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নিন্দা জানিয়েছে এনসিপির কেন্দ্রীয় নেতারা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন। একইভাবে যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিবও আখতার হোসেনের ওপর হামলার তীব্র সমালোচনা করেন।
এদিকে, ঘটনাটিকে কেন্দ্র করে কড়া হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও শীর্ষ নেতা সারজিস আলম। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেন, “এই পা চাটা দালাল আর জনগণের ভয়ে পালিয়ে যাওয়া তাদের মা হাসিনা—হাজারো হত্যার নির্দেশদাতা। গত ১৭ বছরে এই দেশে গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, লুটপাট, ধর্ষণ থেকে শুরু করে কোনো অপরাধ নেই, যা তারা করেনি।”
হামলাকারীদের ‘অসভ্য জানোয়ার’ আখ্যা দিয়ে সারজিস বলেন, “এদের কোনো অনুশোচনা নেই। দালালি করতে করতে আর পা চাটতে চাটতে এরা বিবেকবোধ হারিয়েছে। এরা নিজেদের পরিবার-পরিজনের জন্যও অভিশাপ।”
তিনি হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, “এই নরপশুদের আর ছাড় দেওয়ার সুযোগ নেই।” একই সঙ্গে হামলাকারীদের আশ্রয়দাতাদের উদ্দেশ্য করে সতর্কবার্তা দেন তিনি। সারজিসের ভাষায়, “যারা অর্থ আর সুযোগ-সুবিধার বিনিময়ে এই শয়তানদের আশ্রয় দিচ্ছেন, তারা সাবধান হয়ে যান। কারণ সুযোগ পেলে এই কালো সাপগুলো একদিন আপনাদেরও ছোবল মারবে।”