জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ঘোষণা দিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তার দল ১৫০টি আসন পাবে। সোমবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এ দাবি করেন।
তিনি জানান, সিইসির সঙ্গে বৈঠকে দলের নিবন্ধন, প্রতীক এবং প্রবাসীদের ভোটাধিকার নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। নাসীরুদ্দীন পাটওয়ারীর ভাষায়, “কমিশন আমাদের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেবে এবং শিগগিরই বিজ্ঞপ্তি প্রকাশ করবে।”
এনসিপি নেতা বলেন,
“আমাদের জন্য একটি সুখবর আসছে জুলাইয়ের পর। আমরা শুরু থেকেই দাবি জানাচ্ছি শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলা প্রতীক। এ সিদ্ধান্ত থেকে আমরা এক চুলও সরছি না। এই প্রতীক নিয়ে ষড়যন্ত্র চলছে। তিনটি প্রতীকের মধ্যেই নিবন্ধন হতে হবে। ইসি যদি না মানে, কিভাবে তা আদায় করতে হয় আমরা ভালো করেই জানি।”
তিনি আরও বলেন,
“ইনশাআল্লাহ এই নির্বাচনে এনসিপির হাতে ১৫০টি আসন থাকবে। আমরা জেলায় জেলায় সাবেক সেনা কর্মকর্তা, জুলাই অভ্যুত্থানে যুক্ত নারী, গণঅভ্যুত্থানে অংশ নেওয়া কৃষক-শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে প্রার্থী করব। ইতিমধ্যেই আলোচনাও শুরু হয়েছে।”
তার এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক সৃষ্টি করেছে। বিরোধী শিবির বলছে, এনসিপির আসন প্রত্যাশা অবাস্তব এবং জনগণের ভোটাধিকার হরণে তারা সরকারকে আড়াল দিচ্ছে। অন্যদিকে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, নির্বাচনী প্রতীককে কেন্দ্র করে বড় ধরনের রাজনৈতিক টানাপোড়েন সামনে অপেক্ষা করছে।