ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানকে নিঃশর্ত ক্ষমা চাইতে কঠোর আহ্বান জানিয়েছে ডাকসু। রোববার ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ স্বাক্ষরিত এক প্রতিবাদ লিপিতে এ দাবি জানানো হয়।
প্রতিবাদ লিপিতে বলা হয়, ঢাবির শিক্ষার্থীদের নিয়ে ফজলুর রহমান যে কটূক্তি করেছেন তা নিন্দনীয় ও ঘৃণ্য। বিএনপির নেতৃত্ব পর্যায় থেকে ডাকসু নির্বাচনের পর শিক্ষার্থীদের ‘বিক্রি হয়ে যাওয়া মস্তিষ্ক’, ‘ট্রেন্ডে গা ভাসানো’, ‘দাসী’, ‘পশ্চাদপদ’ ইত্যাদি শব্দে আখ্যায়িত করা হয়েছে। আরও ভয়াবহভাবে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়কে হাটহাজারী মাদ্রাসার সঙ্গে তুলনা করেছেন, যা শিক্ষার্থীদের মর্যাদা ও বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিকে কলঙ্কিত করার শামিল।
ডাকসু নেতারা স্মরণ করিয়ে দেন, ঢাকা বিশ্ববিদ্যালয় হলো দেশের অসাম্প্রদায়িক ও মুক্তবুদ্ধির কেন্দ্র। এখান থেকেই শুরু হয়েছে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম। ধর্ম, বর্ণ, মতাদর্শ নির্বিশেষে সবার সমান মর্যাদা নিশ্চিত করার ইতিহাস রয়েছে এই প্রতিষ্ঠানের। শতবর্ষে পদার্পণ করা ঢাকা বিশ্ববিদ্যালয় একটি মাল্টিকালচারাল প্রতিষ্ঠান হিসেবে দেশের অগ্রগতির প্রতীক। এমন বাস্তবতায় রাজনৈতিক স্বার্থে প্রকাশিত বিদ্বেষপূর্ণ বক্তব্য শুধু শিক্ষার্থীদের জন্য নয়, বরং বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যের অবমাননা।
ডাকসু স্পষ্ট জানিয়ে দিয়েছে, এ ধরনের অবমাননাকর ও বিভেদমূলক বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ফজলুর রহমানকে শিক্ষার্থীদের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এবং ভবিষ্যতে এমন বিদ্বেষপূর্ণ মন্তব্য থেকে বিরত থাকতে হবে।
ডাকসু নেতারা আরও বলেন,
“ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর শিক্ষার্থীদের মর্যাদা রক্ষায় আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। যে কোনো বর্ণবাদী, বিভেদমূলক ও অবমাননাকর বক্তব্যের বিরুদ্ধে ডাকসু অবস্থান নেবে এবং শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় সব সময় লড়াই চালিয়ে যাবে।”