গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর উন্নত চিকিৎসার জন্য আগামীকাল সোমবার সকালে সিঙ্গাপুর যাচ্ছেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দলের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান। তিনি জানান, চিকিৎসকদের পরামর্শে নুর সিঙ্গাপুর যাচ্ছেন এবং তার সঙ্গে থাকবেন ডা. সাজ্জাদ হোসেন।
শাকিল উজ্জামান বলেন, “নুরুল হক নুরের জন্য দেশবাসীর দোয়া ও শুভকামনা কামনা করছি।”
গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করলে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন নেতাকর্মী আহত হন।
গুরুতর আহত অবস্থায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকদের পরামর্শে রাত ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার পরামর্শ দেন চিকিৎসকরা।
দলের নেতাদের মতে, নুরের শারীরিক অবস্থার আরও ভালো মূল্যায়ন ও চিকিৎসার স্বার্থে তাকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিঙ্গাপুরের একটি বিশেষায়িত হাসপাতালে তার চিকিৎসা শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা জানিয়েছেন, নুর দ্রুত সুস্থ হয়ে রাজনীতিতে আবারও সক্রিয় ভূমিকা রাখবেন বলে তারা আশা করছেন।