বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আগামী নির্বাচনে ধানের শীষের পতাকা উড্ডীন থাকবে তারেক রহমানের নেতৃত্বে। এজন্য এখন থেকেই তারেক রহমান ও দেশনেত্রী খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে হবে।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে লক্ষীপুরের রামগঞ্জ উপজেলা ও পৌরসভা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এ আহ্বান জানান। রামগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক মজু।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী। রামগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ কামরুল হোসেনের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন ১২ দলীয় জোটের শাহাদত হোসেন সেলিম এবং বিএনপির চট্টগ্রাম বিভাগীয় নেতা মাহবুবের রহমান শামীম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষীপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় নেতা হারুনুর রশিদ, জেলা বিএনপির নেতা সাহাব উদ্দিন সাবু, অ্যাডভোকেট হাছিবুর রহমান, আইনজীবী সমিতির মনিরুল ইসলাম হাওলাদার, বাফুফের ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, যুবদলের ইমাম হোসেন, হারুনুর রশীদ হারুন ও ইয়াছিন আলী প্রমুখ।
সম্মেলনে বক্তারা বলেন, জনগণ আজ পরিবর্তন চায়। গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির নেতৃত্বেই দেশের মানুষ রাস্তায় নেমেছে। এ জন্য দলের প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধ থেকে আন্দোলন ও নির্বাচনে সক্রিয় ভূমিকা রাখতে হবে।