রাজনৈতিকভাবে আওয়ামী লীগ বিএনপির চাইতে জামায়াতকে নিরাপদ মনে করছে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। তার মতে, এর মূল কারণ হচ্ছে—আওয়ামী লীগের নেতাকর্মীরা যে আর্থিক, সামাজিক ও রাজনৈতিক ক্ষতির শিকার হয়েছেন, তার দায় বিএনপির কর্মকাণ্ডের ফল, জামায়াতের নয়।
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন।
গোলাম মাওলা রনি বলেন, “আওয়ামী লীগের নেতাকর্মীদের সহায়-সম্পত্তি, মাঠ-ঘাট, জায়গা-জমি দখল করেছে বিএনপির লোকজন। মামলা, হয়রানি, এমনকি দেশ ছাড়া করে রাখার মতো পরিস্থিতিও তৈরি করেছে তারা। কিন্তু এসবের পেছনে জামায়াত নেই।”
তিনি আরও বলেন, “ডাকসু ও জাকসু নির্বাচনে জামায়াতের বিজয়ের পর চাকসু-রাকসুতে জয় পাওয়া তাদের জন্য ডালভাত। বিএনপির মেজাজ এখন এতটাই গরম যে, তাদের উত্তেজিত করে তুলতে জামায়াত দূর থেকেও সফল হচ্ছে। এটা জামায়াতের জন্য আরেক ধরনের রাজনৈতিক বিজয়।”
২০২৪ সালের আন্দোলন-অভ্যুত্থানের পর রাজনৈতিক সমীকরণে পরিবর্তনের ইঙ্গিত দিয়ে রনি বলেন, “আমি বলেছিলাম, আওয়ামী লীগকে নিয়ে টানাটানি শুরু হবে। বিএনপিও টানার চেষ্টা করবে, জামায়াতও করবে। তবে আওয়ামী লীগকে কাছে টানতে জামায়াত এগিয়ে থাকবে।”
তার মতে, জামায়াত সরাসরি ক্ষমতায় না এলেও রাজনৈতিক কৌশল ও ঠাণ্ডা মাথার পদক্ষেপে আওয়ামী লীগের কাছে নিজেদেরকে তুলনামূলক নিরাপদ হিসেবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। এ অবস্থায় আওয়ামী লীগের ভেতরে একটি বড় অংশও বিএনপির তুলনায় জামায়াতকে রাজনৈতিকভাবে বেশি গ্রহণযোগ্য হিসেবে দেখছে বলে মন্তব্য করেন তিনি।