জামায়াত নেতা মাসুদ সাঈদী ডাকসু ও জাকসু নির্বাচনে কিছু রাজনৈতিক দলের অংশ না নেওয়ার সমালোচনা করেছেন।
তিনি বলেছেন,
“নির্বাচন বর্জন না করে নিজেদের খারাপ আচরণগুলো বর্জন করুন। জনগণের কাছে যান, জনগণের ভালোবাসা পেতে চেষ্টা করুন। জনগণ কী চায় তা বোঝার চেষ্টা করুন। তাহলে আর ভোট বর্জন করতে হবে না।”
সোমবার বিকেলে পিরোজপুরের জিয়ানগর উপজেলার ঘোষেরহাট বাজারে সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুব বিভাগ আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, স্বাধীনতার পর থেকে যারা ক্ষমতায় এসেছে তারা চেয়ারে বসাকে পৈত্রিক সম্পত্তি ভেবেছে। জনগণের কল্যাণ নয়, বরং লুটপাট ও বিদেশে সম্পদ পাচারেই তারা মনোযোগ দিয়েছে। কিন্তু ক্ষমতায় টিকে থাকতে কেউ সফল হয়নি।
আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে আয়োজনের দাবি জানিয়ে মাসুদ সাঈদী বলেন, এই ব্যবস্থা জনগণের কাছে গ্রহণযোগ্য। কিন্তু যারা কালো টাকা ও মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে ক্ষমতায় আসতে চায় তারাই এর বিরোধিতা করে। তিনি আরও দাবি করেন, দেশের রাজনীতিতে নতুন মেরুকরণ শুরু হয়েছে এবং ইসলামী দলগুলোর নতুন মোর্চা আগামী নির্বাচনে বড় প্রভাব ফেলবে।
বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, তাদের অভ্যন্তরীণ নির্বাচনে কর্মীরাই ব্যালট বাক্স ছিনতাই করছে। যাদের দলে নিজেদের ভোটই নিরাপদ নয়, তারা জাতীয় নির্বাচন কীভাবে সুষ্ঠু করতে পারে? এজন্য জনগণের আস্থা এখন জামায়াতের প্রতিই রয়েছে।
নিজের পিতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রসঙ্গ টেনে তিনি বলেন, তার মতোই আমরাও দুর্নীতিবাজ নই। সংসদ সদস্য বা উপজেলা চেয়ারম্যান থাকা অবস্থায় আমাদের বিরুদ্ধে এক টাকার দুর্নীতির অভিযোগও প্রমাণিত হয়নি।
সমাবেশে সদর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি ফেরদাউস হোসেন সোহাগের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আমীর মাওলানা আলী হোসেন, সেক্রেটারি তৌহিদুর রহমান রাতুল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মাওলানা আব্দুল হাইসহ স্থানীয় নেতারা।