চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সনাতন ধর্মাবলম্বী ২৫ জন নাগরিক বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে জেলা জামায়াত কার্যালয়ে সাবেক সংসদ সদস্য মো. লতিফুর রহমানের হাতে তারা আনুষ্ঠানিকভাবে যোগদানপত্র জমা দেন।
সুমন কুমার শাহার নেতৃত্বে যোগদানকারী নতুন সদস্যরা বলেন, ন্যায়ভিত্তিক সমাজ গঠন ও শান্তিপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যাশায় তারা জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছেন।
অনুষ্ঠানে বক্তব্যে সাবেক এমপি মো. লতিফুর রহমান বলেন,
“আমাদের রাজনীতি নীতি, আদর্শ ও ন্যায়ের ভিত্তিতে পরিচালিত হয়। আজকের এই সিদ্ধান্ত প্রমাণ করে— মানুষ আদর্শভিত্তিক রাজনীতির প্রতিই আস্থা রাখে।”
সুমন কুমার শাহা যোগদানের কারণ ব্যাখ্যা করে বলেন,
“আমরা জামায়াতে ইসলামীতে যোগদান করেছি, কারণ তাদের রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থাটা আমাদের ভালো লাগে। তাদের সঙ্গে চলাফেরা করি, তাদের আচার-ব্যবহার ভালো লাগে। আমরা আমাদের ধর্ম পালন করব, তারা তাদের ধর্ম পালন করবে—এতে কারও কোনো সমস্যা হবে না।”
অনুষ্ঠানে স্থানীয় নেতারা ছাড়াও এলাকাবাসী উপস্থিত ছিলেন। তারা মনে করেন, এই যোগদান ভবিষ্যতে এলাকার রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।