জাকসু নির্বাচনকে কেন্দ্র করে বড় ধরনের ষড়যন্ত্র চলছে বলে দাবি করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, ষড়যন্ত্রকারীরা ক্যাম্পাসে চরমভাবে লাঞ্ছিত হবে।
পোস্টে তিনি লিখেছেন,
“জাকসুকে কেন্দ্র করে গভীর ষড়যন্ত্র চলছে। নির্বাচন বাতিলের দাবিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে স্মারকলিপি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তারা। ভোট গণনা এখনও স্থগিত রাখা হয়েছে।”
তিনি আরও বলেন,
“ছাত্রদের অধিকার নিয়ে তালবাহানা করে আগুনে পা দেবেন না, ভস্মীভূত হয়ে যাবেন। ছাত্ররা ভোট দিয়েছে; তাদের অধিকার তারা বুঝে নেবে। ছাত্রদলসহ যারা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তারা প্রতিটি ক্যাম্পাসে চরমভাবে লাঞ্ছিত হবে।”
অন্যদিকে নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলেছেন চারটি প্যানেলের প্রার্থীরা। বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে সংবাদ সম্মেলনে তারা পুনর্নির্বাচনের দাবি জানান। এই চারটি প্যানেল হলো সম্প্রীতির ঐক্য, সংশপ্তক পর্ষদ, অঙ্গীকার পরিষদ এবং ছাত্র ফ্রন্টের একাংশ। পাশাপাশি কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও এই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।
এর আগে বিকেল ৪টার কিছু আগে মাওলানা ভাসানী হলের গেস্ট রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে ছাত্রদল সমর্থিত সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী আনুষ্ঠানিকভাবে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
জাকসু নির্বাচন নিয়ে এখন ছাত্ররাজনীতি তীব্র উত্তেজনার মুখে দাঁড়িয়েছে। একদিকে শিবিরের কেন্দ্রীয় নেতৃত্ব প্রকাশ্য হুঁশিয়ারি দিচ্ছে, অন্যদিকে বিরোধী প্যানেলগুলো অনিয়মের অভিযোগে নির্বাচনের বৈধতা প্রশ্নবিদ্ধ করছে। ফলে ক্যাম্পাস রাজনীতি এখন যে কোনো সময় সহিংস সংঘর্ষে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন পর্যবেক্ষকরা।