গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাকে সম্পূর্ণ বিশ্রামে রাখা হয়েছে। এ কারণে নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানানো হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) নুরুল হকের অফিসিয়াল ফেসবুক পেজে অ্যাডমিন কর্তৃক দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়। পোস্টে উল্লেখ করা হয়, গতকাল নুরুল হক নুর কিছুটা সুস্থ অনুভব করলেও রাতে ঘুম না হওয়া, মাথাব্যথা, শরীর ব্যথা ও নাক বন্ধ হয়ে থাকার কারণে তার শ্বাসকষ্ট বেড়ে গেছে। এতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং বিশ্রামের প্রয়োজনীয়তা আরও বেড়ে যায়।
পোস্টে বলা হয়, “এ মুহূর্তে নুর ভাইয়ের সম্পূর্ণ বিশ্রাম প্রয়োজন। তাই দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের হাসপাতালে ভিড় না করে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানানো হচ্ছে।”
উল্লেখ্য, সম্প্রতি জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষে নুরুল হক নুর গুরুতর আহত হন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জেও তিনি আহত হন এবং পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকদিন ধরে চিকিৎসাধীন থাকলেও মাঝেমধ্যে তার শারীরিক অবস্থার ওঠানামা করছে।
গণঅধিকার পরিষদ সূত্র জানিয়েছে, দলের নেতাকর্মীরা প্রতিনিয়ত নুরের খোঁজখবর নিচ্ছেন এবং তার পাশে থাকার চেষ্টা করছেন। তবে চিকিৎসকদের নির্দেশ অনুযায়ী আপাতত তাকে কোনো ধকলের মধ্যে না রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে নুরের দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করছেন।