বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলেই নির্বাচন কার্যত নিশ্চিত হবে। তিনি দাবি করেন, শিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন, আর সেই দিনটি হবে অবিস্মরণীয় ও ঐতিহাসিক।
রোববার (৭ সেপ্টেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে জাতীয়তাবাদী আয়কর আইনজীবী ফোরামের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, “তারেক রহমান দেশে ফিরলে নির্বাচনী প্রচারের অর্ধেক কাজ সম্পন্ন হয়ে যাবে। প্রচারণা হলো নির্বাচনের মূল বিষয়। তার উপস্থিতি বিএনপির প্রচারণাকে সারাদেশে নতুন মাত্রা দেবে।”
তিনি আরও বলেন, নির্বাচন ছাড়া দেশে স্থিতিশীলতা ফিরবে না। “নির্বাচনের মধ্য দিয়েই রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। সংসদীয় সরকার প্রতিষ্ঠার মাধ্যমেই জাতির আশা-আকাঙ্ক্ষা পূরণ হবে।”
২০২৬ সালের ফেব্রুয়ারিতে রমজানের আগে অথবা তারও আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে ইঙ্গিত দেন বিএনপির এই নেতা। তিনি অভিযোগ করে বলেন, বিভিন্ন পক্ষ নির্বাচন বানচালের চেষ্টা করছে, বিভ্রান্তি ছড়াচ্ছে। “তাদের প্রতি নসিহত, দেশ এখন নির্বাচনী আবহে আছে, সারাদেশে নির্বাচনী আমেজ তৈরি হয়েছে।”
আওয়ামী লীগের সমালোচনা করে সালাহউদ্দিন বলেন, “মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র হত্যার ইতিহাস শুধু আওয়ামী লীগের। আজ তারা এক জায়গায় এক কথা বলছে, আবার অন্যত্র গিয়ে ভিন্ন কথা বলছে। এই হলো তাদের অবস্থা।” তিনি দাবি করেন, আগামী প্রজন্ম এমন রাজনীতি করবে যাতে আওয়ামী লীগ আর দাঁড়াতে না পারে।
জাতীয় ঐকমত্য কমিশনের বিষয়ে তিনি বলেন, বড় কোনো ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করে সিদ্ধান্ত নিলে নির্বাচন প্রক্রিয়ায় বাধা আসবে।
তাই জুলাই ঘোষণাপত্রে সবাই স্বাক্ষর করবে এবং তা ওয়েবসাইটে প্রকাশ করা হবে। প্রতিটি দল তাদের নির্বাচনী ইশতেহারেও ঐকমত্যের বিষয়গুলো অন্তর্ভুক্ত করবে বলে আশা প্রকাশ করেন তিনি।