সরকার শুধু বিবৃতি দিয়ে যাচ্ছে, কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না—এমন অভিযোগ তুলে বিবৃতির পরিবর্তে বাস্তব অ্যাকশন নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড় জেলা শহরে কুলি শ্রমিকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
সারোয়ার তুষার বলেন, “জাতীয় পার্টির মাধ্যমে আবারও আওয়ামী লীগকে নির্বাচনে আনার চেষ্টা চলছে। এতে দেশে গৃহযুদ্ধের ঝুঁকি তৈরি হচ্ছে।” তিনি মনে করেন, বিএনপিরও এখন পরিষ্কারভাবে জানানো উচিত—তারা জাতীয় পার্টিকে চায় কি না। কারণ, গত ১৫ বছর ধরে আওয়ামী লীগের প্রতিটি অপকর্মকে বৈধতা দেওয়ার ক্ষেত্রে জাতীয় পার্টি ছিল মূল সহায়ক।
এনসিপি নেতা অভিযোগ করে বলেন, “জাতীয় পার্টির শীর্ষ নেতারা দুর্নীতিতে জড়িত। সরকারের উচিত তাদের সম্পদ ক্রোক করে বিচার করা। একইসঙ্গে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে ঢাকায় আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে হবে।”
তিনি আরও দাবি করেন, গত ১৫ বছরে শেখ হাসিনা ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছেন। “এই অর্থ দেশের প্রতিটি গ্রামে ভাগ করে দিলে প্রতিটি গ্রাম ১০০ কোটি টাকা করে পেত,” মন্তব্য করেন সারোয়ার তুষার।
কুলি শ্রমিকদের উদ্দেশে বক্তব্যে তিনি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। তার মতে, জনগণের স্বার্থে এখন কেবল বিবৃতি নয়, কার্যকর পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি।