জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা (পিআর) নিয়ে সরকার ও নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় বসতে তাদের কোনো আপত্তি নেই। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হলে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন আয়োজন করতে হবে।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নে নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জুলাই সনদের গুরুত্ব তুলে ধরেন তাহের
ডা. তাহের বলেন, দেশের মানুষ একটি স্বচ্ছ, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন চায়। জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হলে জনগণ তার সুফল পাবে। অন্যথায় অতীতের ব্যর্থ নির্বাচনের পুনরাবৃত্তি ঘটবে। তিনি সতর্ক করে বলেন, “জুলাই সনদ যারা মানবে না, তারা এ আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে।”
তিনি আরও বলেন, ফ্যাসিবাদী ও স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে। এখন দেশের মানুষ ন্যায়, ইনসাফ এবং প্রকৃত গণতন্ত্র দেখতে চায়। “চব্বিশের গণঅভ্যুত্থানকে ব্যর্থ হতে দেওয়া হবে না,” মন্তব্য করে তিনি যোগ করেন, দেশের মানুষের প্রত্যাশা পূরণের জন্য ন্যায়নিষ্ঠ ও স্বচ্ছ রাজনৈতিক প্রক্রিয়া নিশ্চিত করতে হবে।
ইউনিয়ন জামায়াতের আমির জাফর আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, উপজেলা আমির মাহফুজুর রহমান এবং সাবেক উপজেলা আমির ভিপি সাহাব উদ্দিন। এছাড়া উপজেলা সেক্রেটারি মুহাম্মদ বেলাল হোসাইনও উপস্থিত ছিলেন।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন চিকিৎসক ও সমাজসেবক অধ্যাপক ডা. মো. সফিকুর রহমান পাটোয়ারী, জামায়াত নেতা নুরে আলম মিয়াজি, হাফেজ বদিউল আলম, শাখাওয়াত হোসেন শামিম, ছাত্রনেতা মোশাররফ হোসেন, মোজাম্মেল হোসেন ও নাসিম মিয়াজি প্রমুখ।
ডা. তাহের বলেন, জনগণ কোনোভাবেই আর অগণতান্ত্রিক শাসন মেনে নেবে না। তিনি সরকারের প্রতি আহ্বান জানান, জুলাই সনদ ও পিআর পদ্ধতির বিষয়ে আলোচনায় বসে একটি জাতীয় ঐকমত্যে পৌঁছাতে হবে। তাহেরের মতে, এটাই একমাত্র পথ যা জনগণের আস্থা পুনরুদ্ধার করবে এবং দেশের রাজনৈতিক সংকট নিরসনে সহায়ক হবে।