গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি থাকা গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন।
তিনি অভিযোগ করেন, সরকারের পক্ষ থেকে বিদেশে উন্নত চিকিৎসার প্রতিশ্রুতি দেওয়া হলেও এখনো তা বাস্তবায়নে গড়িমসি করা হচ্ছে এবং একটি মহল সক্রিয়ভাবে চেষ্টা করছে যাতে নুর বিদেশে চিকিৎসা নিতে না পারেন।
সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নুরকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান। রাশেদ খাঁন বলেন, “সকাল ১১টার দিকে নুরকে দেখতে আসি। তখন তিনি ঘুমাচ্ছিলেন।
পরে ঘুম থেকে উঠে বসতে গেলে কাশির সঙ্গে রক্তক্ষরণ হয়। এর আগেও জানিয়েছিলাম, তার নাক দিয়ে রক্তক্ষরণ হচ্ছে। এখনো অবস্থার কোনো উন্নতি হয়নি।”
তিনি আরও জানান, নুর শর্ট টাইম মেমোরি লস করছেন। “কথা বলতে গিয়ে তিনি সম্পূর্ণ করতে পারছেন না, কখনো অগোছালোভাবে বলছেন। ওষুধ খাওয়ার দুই ঘণ্টার মধ্যেই ভুলে যাচ্ছেন যে তিনি ওষুধ খেয়েছেন কি না। কথার মাঝেই ঘুমিয়ে পড়ছেন।”
পরিবারের সদস্য ও নার্সদের বরাত দিয়ে রাশেদ বলেন, নুর শক্ত খাবার খেতে পারছেন না, দাঁড়াতেও পারছেন না, শরীরের ব্যালান্স ধরে রাখতে পারছেন না।
চিকিৎসকদের পর্যবেক্ষণের বিষয় তুলে ধরে তিনি বলেন, নুরের চোয়ালের হাড় ও নাকের হাড় ভেঙে গেছে, সর্দি বেড়ে গেছে এবং তার অবস্থা অত্যন্ত নাজুক। রাশেদ অভিযোগ করেন, নুর জনপ্রিয় নেতা হওয়ায় তাকে টার্গেট করা হয়েছে।
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “নুরকে দিয়ে শুরু হয়েছে, এরপর একে একে অন্যান্য আগ্রাসনবিরোধী নেতাদেরও আঘাত করে আইসিইউতে পাঠানোর চেষ্টা চলছে।”