ঢাকায় নিযুক্ত পাকিস্তানের নতুন হাইকমিশনার ইমরান হায়দার বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়াও সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ ইসলাম অংশ নেন।
দলীয় সূত্র জানায়, এ সাক্ষাৎ মূলত সৌজন্যমূলক হলেও আঞ্চলিক রাজনীতি, দুই দেশের পারস্পরিক সম্পর্ক এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। পাকিস্তানের নবনিযুক্ত হাইকমিশনার বিএনপির নেতাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি বলেন, বাংলাদেশ ও পাকিস্তান ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ সম্পর্কের মধ্য দিয়ে এগিয়েছে। সেই সম্পর্ককে ভবিষ্যতে আরও জোরদার করার সুযোগ রয়েছে।