আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের দল নয়, বরং এটি ছেঁচড়া, টাউট-বাটপার ও ডাকাতদের দল— এমন মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, দিল্লির আধিপত্যবাদ বিরোধী যে রাজনীতির ভিত্তি, সেটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৈরি করেছিলেন। এখন সময় এসেছে দেশপ্রেমিক সব শক্তিকে একত্রিত করে নতুন রাজনৈতিক ফেনোমেনা গড়ে তোলার।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর পরিবাগের ইনকিলাব কালচারাল সেন্টারে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, “আওয়ামী লীগ শেখ মুজিবকেও বিক্রি করেছে। শেখ মুজিবকে বিক্রি করতে গিয়ে মুক্তিযুদ্ধের অন্য সব নায়ককে আড়াল করে দিয়েছে। তারা ইতিহাসকে নিজেদের মতো করে সাজিয়েছে।” তিনি দাবি করেন, বিএনপিতেই মুক্তিযোদ্ধার সংখ্যা বেশি। প্রতীকধারী ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারাও বিএনপিতে অনেক আছেন। “কারণ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের দল না, বরং এটি ছেঁচড়া, টাউট-বাটপার ও ডাকাতের দল।”
তিনি সতর্ক করে বলেন, “আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ না করেও যদি মুক্তিযুদ্ধের পুরো মালিকানা নিতে পারে, তাহলে বিশ্বাস করেন, যদি আমরা সতর্ক না থাকি, তাহলে ২০২৪ সালের আন্দোলনের মালিকানাও আওয়ামী লীগ এবং দিল্লি রেজিস্ট্রেশন করে নেবে।”
আওয়ামী লীগের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে ব্যারিস্টার ফুয়াদ আরও বলেন, দেশে নতুন করে ওয়ান-ইলেভেনের নাটক মঞ্চস্থ করার চেষ্টা চলছে। ওয়ান-ইলেভেন বাস্তবায়নের জন্য যেসব বয়ান প্রতিষ্ঠিত করতে হবে, যেসব গল্প বানাতে হবে এবং যাদের শত্রু হিসেবে দাঁড় করাতে হবে— সেই কাজগুলো দিনরাত চলছে। তিনি বলেন, “সবকিছু সাদা চোখে দেখলে হবে না। আমাদের গভীরভাবে উপলব্ধি করতে হবে, দেশকে আবারও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে।”
তিনি জোর দিয়ে বলেন, এখন সময় এসেছে সকল দেশপ্রেমিক শক্তিকে একত্রিত করার। জিয়াউর রহমান যে রাজনীতির ভিত্তি গড়ে দিয়েছিলেন, সেই ভিত্তিতেই দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে টিকিয়ে রাখা সম্ভব।