গণতন্ত্রের লড়াইয়ে রক্ত দিতে হয়, ভবিষ্যতেও প্রয়োজন হলে আরও রক্ত দেওয়া হবে— এমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান। তিনি বলেন, রক্তের বদলেও সব ষড়যন্ত্র ভেদ করে এ দেশে গণতন্ত্র ও একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা হবে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকালে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা বিএনপির প্রথম দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাজিরপাড়া হামিদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
আযম খান বলেন, “বিএনপি অনেক রক্ত দিয়েছে। ১৭ বছরে বাংলাদেশের রাজপথ বিএনপির রক্তে রঞ্জিত হয়েছে। বিএনপি রক্ত দিতে ভয় পায় না, অন্য দলে আশ্রয় নেয় না। শহীদ জিয়ার আদর্শে থেকেই আমরা লড়াই চালিয়ে যাচ্ছি। ষড়যন্ত্র যত গভীরই হোক, তা মোকাবিলা করা হবে।”
তিনি অভিযোগ করেন, দেশের ভেতরে ও বাইরে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। ফ্যাসিবাদী শক্তি ও একাত্তরের পরাজিত শক্তি জনগণের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে। এজন্য জনগণকে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে হবে।
আযম খান স্মরণ করেন, লক্ষ্মীপুরের ৫৬ জন বিএনপি নেতা গুম-খুনের শিকার হয়েছেন। তাদের পরিবার আজও প্রিয়জনের ফেরার অপেক্ষায়। তিনি বলেন, “যারা আত্মাহুতি দিয়েছেন গণতন্ত্রের জন্য, তাদের রক্ত বৃথা যাবে না। বিএনপি সরকার গঠন করে ওই পরিবারের মুখে হাসি ফুটাবে।”