বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার সুফল প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফার ভিত্তিতেই এই ৩১ দফা প্রণয়ন করা হয়েছে, যার মূল লক্ষ্য একটি নতুন বাংলাদেশ গড়া এবং দেশের প্রতিটি সেক্টরের সংস্কার করা।
বুধবার (৩ সেপ্টেম্বর) ফরিদপুরের নগরকান্দা উপজেলার শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, “ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার দেশের প্রতিটি সেক্টর ধ্বংস করেছে, রাষ্ট্রের টাকা লুট করে বিদেশে পালিয়েছে। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ছাড়া বিকল্প নেই।”
তিনি জানান, ৩১ দফার মধ্যে রয়েছে—রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য আনা, একজন ব্যক্তি দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হতে না পারা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন, সুশাসন ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা।
এ ছাড়া বিএনপি সরকার গঠন করলে একটি মানবিক, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা হবে বলে আশ্বাস দেন তিনি। জনগণের ভোটাধিকার নিশ্চিত করা, ছাত্র ও যুব সমাজের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা, প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ফ্যামিলি কার্ড চালু এবং যোগ্যতার ভিত্তিতে চাকরির নিশ্চয়তা দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।
শামা ওবায়েদ আরও বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিদায় নিয়েছে, তবে আমাদের আন্দোলন শেষ হয়নি। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। যুব সমাজ দীর্ঘ ১৭ বছর ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত। তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে।”