আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন নিয়ে নানা জল্পনা চলছে দেশের রাজনৈতিক অঙ্গনে। কেউ বলছেন জাতীয় পার্টির হাত ধরেই হতে পারে এই পুনর্বাসন, তবে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক রুমিন ফারহানা ভিন্ন মত দিয়েছেন। তিনি মনে করেন, আওয়ামী লীগ চাইলে জামায়াতের কাঁধেও ভর করে আবার ফিরে আসতে পারে।
গতকাল এক বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে রুমিন ফারহানা বলেন, “আপনি গ্যারান্টি দেবেন কিভাবে যে জামায়াতের হাত দিয়ে আওয়ামী লীগের পুনর্বাসন হবে না? আমরা দেখিনি কি, অনেক লোয়ার টায়ারের নেতাকর্মীরা প্রাণ বাঁচাতে, সম্পদ রক্ষা করতে জামায়াতে গিয়ে যোগ দিয়েছে? জামায়াত কি আওয়ামী লীগকে মাফ করার ঘোষণার মধ্য দিয়েই যাত্রা শুরু করেনি?”
তিনি আরও বলেন, জামায়াতের নেতাকর্মীরা সময়ের সঙ্গে বদল করেছে। “আওয়ামী লীগ যদি ফেরে, সেটা জামায়াত দিয়েও হতে পারে। জামায়াত এখন ডিম ফুটে নতুন বাচ্চা বেরোনোর মতো। আগে তারা ছিল মুরগির বাচ্চা, এখন হয়ে গেছে হাঁসের বাচ্চা। আগে যারা আওয়ামী লীগের ঘনিষ্ঠ ছিল, এখন তারা শিবিরের প্রার্থী।”
রুমিন ফারহানা মন্তব্য করেন, রাজনীতিতে কে কার ঘাড়ে ভর করে কাকে কোথায় পুনর্বাসন করবে—এটা সবসময় গুপ্ত রাজনীতির অংশ। তাই শুধু জাতীয় পার্টির নাম টেনে কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাবে না।
তার বক্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম নিয়েছে। অনেক বিশ্লেষক মনে করছেন, আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থানকে কেন্দ্র করে যে পুনর্বাসনের তত্ত্ব ছড়াচ্ছে, তার ভিন্ন রূপও থাকতে পারে। রুমিন ফারহানার মন্তব্য সেই বিতর্ককে আরও জোরালো করেছে।