গণতন্ত্রবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ এনে জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার আবেদন জমা পড়েছে নির্বাচন কমিশনে। বুধবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর বংশালের বাসিন্দা হোসাইন মোহাম্মদ আনোয়ার প্রধান নির্বাচন কমিশনারের কাছে এই আবেদন জমা দেন। আবেদন করার পর তিনি সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
আবেদনে বলা হয়, জনগণের গণতান্ত্রিক অধিকার সংরক্ষণ ও একটি অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা নির্বাচন কমিশনের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। অথচ জাতীয় পার্টি দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রক্রিয়াকে কলুষিত করেছে। সামরিক শাসনের উত্তরাধিকার বহন, গণতন্ত্রবিরোধী কার্যকলাপ পরিচালনা, দুর্নীতি, প্রশাসনিক অপব্যবহার এবং জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে দলটি সব সময় বিতর্কের কেন্দ্রে থেকেছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই তারা গণতন্ত্রের মূলধারাকে ক্ষুণ্ন করেছে এবং একাধিকবার নির্বাচনকে প্রহসনে পরিণত করার ইতিহাস বহন করছে।
আবেদনকারীর দাবি, ১৭ বছরের দুঃশাসনের অবসানে ছাত্র–জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় এবং ফ্যাসিবাদী রাজনীতির দায়ে আওয়ামী লীগের সব কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হয়। কিন্তু এই পুরো সময়ে জাতীয় পার্টি আওয়ামী লীগকে সাপোর্ট দিয়ে ফ্যাসিবাদী শাসনকে বৈধতা দেওয়ার দোসর হিসেবে কাজ করেছে।
এতে আরও বলা হয়, জাতীয় স্বার্থ ও গণতান্ত্রিক ভবিষ্যৎ রক্ষায় এখনই নির্বাচন কমিশনের পদক্ষেপ নেওয়া জরুরি। কারণ, যারা একাধিকবার গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষুণ্ন করেছে এবং জনগণের অধিকার হরণ করেছে, তাদের বৈধতা দেওয়া গণতন্ত্র ও জনস্বার্থের জন্য হুমকি।
আবেদনে জোর দিয়ে বলা হয়েছে, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনকে কলুষমুক্ত রাখতে এবং সংবিধানের আলোকে জাতীয় পার্টিকে রাজনৈতিক কর্মকাণ্ড ও নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে নিষিদ্ধ করা হোক।