গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর সেনা-পুলিশের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। রবিবার (৩১ আগস্ট) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত নুরকে দেখতে গিয়ে সাংবাদিকদের সামনে তিনি এ হামলাকে ‘ন্যাক্কারজনক’ বলে আখ্যায়িত করেন। একইসঙ্গে সেনাবাহিনীর উদ্দেশে আইএসপিআর-এর বিবৃতি প্রত্যাহার করে জনগণের কাছে নিঃশর্ত দুঃখ প্রকাশের আহ্বান জানান।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, দেশে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে। তিনি বলেন,
“জুলাই সনদে গত তিনটি জাতীয় নির্বাচন অবৈধ ঘোষণা করা হয়েছে। এখন সেই অবৈধ নির্বাচনগুলোর সহচর জাতীয় পার্টিকে দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে।”
তিনি আরও বলেন,
“যারা ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসনের চেষ্টা করবে, তাদের জনগণই প্রতিরোধ করবে। নব্বইয়ের গণঅভ্যুত্থানের পর যেসব ভুল হয়েছিল, এবার তার পুনরাবৃত্তি হবে না।”
নতুন বাংলাদেশ গড়ার প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন,
“এ দেশকে পুনর্গঠন করতে হলে নির্বাচন, সংস্কার এবং নতুন সংবিধান—সব কিছুই করতে হবে।”