রাজধানীতে জনদুর্ভোগের আশঙ্কা মাথায় রেখে আগামীকাল মঙ্গলবারের ঘোষিত র্যালির কর্মসূচি বাতিল করেছে বিএনপি। এর পরিবর্তে দলটি ব্যতিক্রমী কর্মসূচি হাতে নিয়েছে—রাজধানীর পুকুর, খাল ও নালা পরিষ্কার করবে তারা।
সোমবার (১ সেপ্টেম্বর) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন,
“ঢাকার নাগরিকদের দুর্ভোগ বাড়ানো বিএনপির উদ্দেশ্য নয়। তাই আমরা র্যালি বাতিল করেছি। নগরীর স্বাস্থ্যকর পরিবেশ ফিরিয়ে আনতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি পুকুর, খাল আর নালা পরিষ্কার কর্মসূচি পালন করবে।”
রিজভী আরও জানান, সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় বিএনপির নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে নালা পরিষ্কারে অংশ নেবেন। এই কর্মসূচিতে সাধারণ মানুষকেও অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।