বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে মাত্র দু-একটি রাজনৈতিক দল। তিনি স্পষ্ট করে জানান, জামায়াত জুলাই সনদের অধীনেই জাতীয় নির্বাচন চায়।
রোববার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বৈঠকে জামায়াতের পক্ষ থেকে আসন্ন জাতীয় নির্বাচন, জুলাই সনদের বাস্তবায়ন এবং সংস্কার প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়।
ডা. তাহের বলেন, “জুলাই সনদ হলো গণঅভ্যুত্থানের অর্জন। জনগণের রক্তের বিনিময়ে অর্জিত এ সনদের বাইরে গিয়ে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না। কিন্তু কিছু দল এখনো এ সনদকে পাশ কাটানোর চেষ্টা করছে। তাদের কারণেই গণতান্ত্রিক রূপান্তর বাধাগ্রস্ত হচ্ছে।”
জামায়াতের প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এবং সাবেক এমপি ড. হামিদুর রহমান আযাদ।
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তারা নির্বাচনকালীন রাজনৈতিক স্থিতিশীলতা, সংস্কারমূলক পদক্ষেপ এবং জনগণের আস্থা অর্জনের গুরুত্ব তুলে ধরেন। জামায়াত নেতারা বলেন, জনগণ এখন পরিবর্তন চায়। তাই জুলাই সনদকে কেন্দ্র করেই নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। অন্যথায় জনগণ তা মেনে নেবে না।
ড. তাহের আরও বলেন, “আমরা চাই একটি অংশগ্রহণমূলক নির্বাচন। গণতন্ত্র রক্ষায় সব দলকে এই সনদকে সম্মান করতে হবে।” তিনি আশা প্রকাশ করেন, সরকার এবং নির্বাচন কমিশন শিগগিরই এ বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ নেবে।
বৈঠক শেষে জামায়াত নেতারা নুরুল হক নুরের ওপর সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়ে তার সুস্থতা কামনা করেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে সব পক্ষকে সংযমী হওয়ার আহ্বান জানান।