গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলাকে সতর্কবার্তা হিসেবে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, নিয়ম পরিবর্তন না হলে তারেক রহমান ও খালেদা জিয়ার মতো একই পরিণতি তাদের জন্যও অপেক্ষা করছে।
শনিবার (৩০ আগস্ট) রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ছতরপুর স্কুল মাঠে আয়োজিত ‘উঠানে নতুন সংবিধান’ শীর্ষক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বৈঠকটি আয়োজন করে এনসিপির বিজয়নগর উপজেলা কমিটি।
হাসনাত আব্দুল্লাহ বলেন, “নুর ভাইয়ের ওপর যে আক্রমণ হয়েছে, এটা আমাদের জন্য ম্যাসেজ। আমরা দেখেছি তারেক রহমানকে মুচলেকা দিয়ে দেশ ছাড়তে হয়েছে, তাকে নৃশংসভাবে নির্যাতন করে মাজা ভেঙে দেওয়া হয়েছিল। খালেদা জিয়ার মতো পরিণতি আমাদের জন্যও অপেক্ষা করছে যদি আমরা নিয়ম চেঞ্জ না করি। তাই সংস্কার ছাড়া আমাদের সামনে কোনো বিকল্প নেই।”
তিনি অভিযোগ করেন, আজও মানুষ বিনা বিচারে, বিনা মামলায় পুলিশি নিপীড়নের শিকার হচ্ছে। পরিবারকে অবগত না করেই কাউকে তুলে নেওয়া হয়। এসব অন্যায় বন্ধ না হলে নির্বাচন অর্থহীন হয়ে পড়বে। এজন্য নির্বাচন, বিচার ও সংস্কার—এই তিন দাবিই এখন সময়ের দাবি বলে উল্লেখ করেন তিনি।
বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার প্রসঙ্গ টেনে হাসনাত বলেন, “আমাদের সঙ্গে ওনার মনোমালিন্য থাকলেও আমরা যখন এলাকায় এসেছি, তিনি তার লোকজনকে আমাদের খোঁজ নিতে পাঠিয়েছেন এবং উপহার পাঠিয়েছেন। এটা রাজনীতির জন্য একটি পজিটিভ বার্তা।”
সভায় আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম সদস্যসচিব এস. এম. সাইফ মোস্তাফিজ, ডা. মাহমুদা মিতা, যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহ ও উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী আমিনুল হক চৌধুরী।