ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উঠান বৈঠকে এক ভিন্ন রাজনৈতিক বার্তা উঠে এসেছে। দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন, বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা তাদের জন্য উপহার পাঠিয়েছেন। বিষয়টিকে তিনি রাজনীতির জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন।
শনিবার (৩০ আগস্ট) রাতে বিজয়নগর উপজেলার ছতরপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে হাসনাত বলেন, “রুমিন ফারহানা অনেকদিন ধরে রাজনীতি করছেন, আমাদের সঙ্গে কিছু মনোমালিন্য ছিল।
তবে আমরা তার এলাকায় আসার খবর পেয়ে তিনি তার লোকজন পাঠিয়ে খোঁজ নিয়েছেন আমাদের কোনো সমস্যা হচ্ছে কিনা। এমনকি আমাদের জন্য উপহারও পাঠিয়েছেন। এটা রাজনীতির জন্য একটি পজিটিভ বার্তা, আমরা কৃতজ্ঞতার সঙ্গে সেটি গ্রহণ করেছি।”
তিনি আরও বলেন, “রাজনীতিতে কেউ আক্রোশ দেখালে আমরা গণতান্ত্রিক উপায়ে জবাব দেব। কোনো বিভাজন তৈরি করার মতো পরিস্থিতি সৃষ্টি করব না।”
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার নিন্দা জানিয়ে হাসনাত বলেন, “ভিপি নূরের ওপর আক্রমণ আসলে আমাদের জন্যও একটি সতর্কবার্তা। তারেক রহমানকে যেমন মুচলেকা দিয়ে দেশ ছাড়তে হয়েছিল, একইভাবে নিয়ম পরিবর্তন না করলে আমরাও একই পরিণতির মুখে পড়ব। এজন্য সবার ঐক্যবদ্ধ থাকা জরুরি।”
পুলিশের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, “আপনারা আমাদের ভাই। এই বিপ্লবের অংশ আপনাদেরও হতে হবে। অন্যথায় যে সরকারই আসুক, পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করবে। এজন্য পুলিশের সংস্কার অবশ্যই জরুরি।”
বিজয়নগর উপজেলা সমন্বয়ক প্রকৌশলী আমিনুল হক চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত বৈঠকে আরও বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু, আতাউল্লাহ, যুগ্ম সদস্য সচিব সাইফ মোস্তাফিজ, কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মাহমুদ জিহান, জুলাই যোদ্ধা মো. রাকিবসহ স্থানীয় নেতারা।